১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথমে চার ফ্লাইট

বিজ্ঞাপন
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে অত্যাধুনিক এই টার্মিনালের। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইটের মাধ্যমে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ের পর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাইয়ের পর বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে চুক্তির শর্তগুলো গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সমীক্ষায় দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন হবে। এসব বাস্তবতা বিবেচনা করেই পরিচালনা চুক্তির শর্ত মেনে নেওয়া হয়েছে।
চুক্তির শর্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় প্রয়োজন হবে বলে জানান বিমানমন্ত্রী।
বিজ্ঞাপন
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উদ্বোধনের সময় নির্ধারণ করা হবে।
তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না বলে স্পষ্ট করেছেন তিনি।
তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবার সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।








