প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক চলছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন সিএফ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। দুপুরে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিজ্ঞাপন
এর আগে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
উল্লেখ্য, আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।
সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।








