দ্বিতীয়বার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করল রূপপুর কেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যমবিষয়ক ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার এই পরীক্ষায় জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে পরীক্ষামূলক এ কার্যক্রম।
তিনি জানান, এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের উৎপাদন সক্ষমতা এবং গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় যাচাই করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল।
প্রথম দফার পরীক্ষামূলক সরবরাহের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হলো। এই কার্যক্রমকে কেন্দ্রটির উৎপাদন ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।








