Logo

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৬
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। দ্বিতীয় ইউনিটের জন্য এটি সপ্তম চালান। এর মধ্য দিয়ে এই ইউনিটের জন্য নির্ধারিত সাতটি চালানের সবকটিই প্রকল্প এলাকায় পৌঁছাল।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে লরিগুলোকে নির্ধারিত গন্তব্যে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে।

চলতি বছর রাশিয়া থেকে আকাশপথে দেশে আনা পারমাণবিক জ্বালানির মোট সাতটি চালানই রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। প্রতিবারই বিশেষায়িত কার্গো বিমানে ঢাকায় আনার পর কঠোর নিরাপত্তার মধ্যে সড়কপথে এসব জ্বালানি ঈশ্বরদীতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরেনিয়াম পরিবহনের সময় সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে। ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত পুরো পথে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এদিকে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির সঙ্গে জাতীয় গ্রিডের সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। পরীক্ষার সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।

মন্ত্রী আরও জানান, পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।

বিজ্ঞাপন

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। একই সঙ্গে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী সক্ষমতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেন্দ্রটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD