মির্জাপুরে পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে রবিউল হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহাত (২১) ও সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)। রোববার সকালে নিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়াইপাড়া গ্রামের একটি ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে গিয়েছিল রবিউল। সেখানে স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা রবিউলের এক বন্ধুকে মারধর শুরু করলে আতঙ্কিত হয়ে রবিউল সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন তরুণ তার পিছু ধাওয়া করে। এরপর থেকেই নিখোঁজ ছিল সে।
নিখোঁজের দুই দিন পর ঘটনাস্থলের পাশের একটি পুকুরে রবিউলের মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।
মামলার বাদী ও নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, রবিউলের বন্ধুদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমিজ রায়হান জানান, এ ঘটনায় সাত থেকে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এবং আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে মৃত্যুর প্রকৃত কারণ ও পুরো ঘটনার বিষয়টি স্পষ্ট হবে।








