টেকনাফে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেঙ্গুরবিল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেঙ্গুরবিল এলাকায় সমুদ্রপথে মানবপাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পায় যৌথ বাহিনী। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান। তবে অভিযান চালিয়ে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁদের মধ্যে উখিয়া-টেকনাফের এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।








