সেনাবাহিনীর গাড়িতে জরিমানা, দায়িত্ব হারালেন নারী পুলিশ কর্মকর্তা

ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই ও সিটবেল্ট না পরার অভিযোগে জরিমানা করার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর মোটরযান পরিদর্শক (এমভিআই) সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ১৮ নভেম্বর আসামের জোরহাট শহরের আন্তরাজ্য বাস টার্মিনালের কাছে সড়ক নিরাপত্তা অভিযান চলাকালে সেনাবাহিনীর একটি জিপসি গাড়ি থামান পরিবহন বিভাগের কর্মকর্তারা। গাড়িটি জোরহাট সামরিক স্টেশনের ৪১ সাব-এরিয়ার অধীন ছিল। ওই সময় চালকসহ দুই সেনাসদস্য সরকারি দায়িত্ব পালন করছিলেন।
গাড়ি থামানোর পর কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স ও সিটবেল্ট ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে জোরহাটের জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় শইকীয়া জানিয়েছেন, বেসামরিক ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সেনাচালককে জরিমানা করা হয়নি। সিটবেল্ট না পরার অভিযোগেই তাঁকে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতের মোটরযান আইন, ১৯৮৮-এর ১৮ ধারা অনুযায়ী, বৈধ সামরিক ড্রাইভিং লাইসেন্সধারীরা অনুমোদিত প্রতিরক্ষা বাহিনীর যানবাহন দেশের বিভিন্ন স্থানে চালাতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের আলাদা বেসামরিক ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। তবে সামরিক বাহিনীর যানবাহনকেও সাধারণ সড়ক নিরাপত্তা বিধি মেনে চলতে হয়।
এদিকে সেনাসদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে বিশেষ ট্রাফিক অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে জোরহাটে পরিচালিত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৯টি মামলা করা হয় এবং ১৬টি যানবাহন জব্দ করা হয়।








