Logo

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৭:০২
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাবটি করেছে শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি।

বিজ্ঞাপন

প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম রাখা হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।

গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এ সংক্রান্ত একটি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে সেটি পর্যালোচনার জন্য পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। পর্যালোচনা শেষে কমিটি প্রস্তাবটি সিটি কাউন্সিলে অনুমোদনের সুপারিশ করেছে।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ বেগম খালেদা জিয়ার নামে নামকরণের কথা বলা হয়েছে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী ওই সড়কাংশটি বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। নামকরণের উদ্যোগ বাস্তবায়নে শহরের পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার প্রস্তাবও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যাদেশের ব্যাখ্যায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, শিক্ষা বিস্তারে ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তাঁর উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রস্তাবনায় তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের সেবার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

নারীশিক্ষার প্রসারেও তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রেখেছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাঁর অবদানের বিষয়টিও তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে তাঁর ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সড়কটির অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশ-শিকাগো সম্পর্কের একটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত সড়কাংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই ভবনটির নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রখ্যাত প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর উদ্ভাবনী প্রকৌশলকর্ম শিকাগোর আধুনিক স্থাপত্য ও নগর অবকাঠামো গঠনে বিশেষ ভূমিকা রেখেছে।

অধ্যাদেশে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ গণতন্ত্র, শিক্ষা, জনসেবা এবং আন্তর্জাতিক বন্ধুত্বে তাঁর অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার প্রতীক হবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও স্মারক হিসেবে বিবেচিত হবে।

প্রস্তাবটি বাস্তবায়নে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে সড়কটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। অধ্যাদেশটি কার্যকর হতে হলে শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

বিজ্ঞাপন

তথ্য সূত্র : শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD