সৌদির ভয়াবহ হামলায় ইয়েমেনে প্রাণ গেল ১১ শিশুসহ ৪১ জনের

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে সাতজন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
বিজ্ঞাপন
হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।
হামলায় হতাহত ব্যক্তিদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে একই দিনে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলা চালানোর দাবি করেছে হুথি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার হুথি যোদ্ধারা জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
হামলাগুলো সরাসরি ও নিখুঁত ছিল এবং এতে সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে ইয়েমেনে যুদ্ধে জড়িত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
বিজ্ঞাপন
তবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সামরিক জোট।
এমন পরিস্থিতিতে হুথি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন ফ্রন্টে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: সিনহুয়া
বিজ্ঞাপন








