মার্কিন সহায়তা ছাড়াই ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদির

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সংঘাত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সামরিক ক্ষয়ক্ষতি ও নিজেদের ভূখণ্ডে হুথিদের হামলার মুখেও অন্তত ২০২৭ সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। খবর রয়টার্সের।
বিজ্ঞাপন
বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি নীতিনির্ধারকেরা মনে করছেন, ইয়েমেনে সামরিক অভিযান আরও অন্তত ছয় মাস অব্যাহত থাকতে পারে।
হুথিদের সঙ্গে আলোচনায় বসার আগে ইয়েমেনে নিজেদের সমর্থিত বাহিনীর অবস্থান শক্তিশালী করতে চায় সৌদি আরব। দেশটির পরিকল্পনা সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে ইয়েমেনের সংঘাতের তীব্রতাও কমে আসতে পারে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত ইয়েমেনে সৌদি অভিযানে সরাসরি আক্রমণাত্মক সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাওয়া গেলে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
যুদ্ধক্ষেত্রে চাপে সৌদি সমর্থিত বাহিনী
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। ক্ষমতাচ্যুত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে এরপর আরব জোটের নেতৃত্বে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। কয়েক বছর সংঘাত চলার পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলতি বছরের গ্রীষ্মকাল পর্যন্ত বহাল ছিল।
তবে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকা এবং গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথিরা। একই সঙ্গে দক্ষিণ উপকূলে ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের কাছাকাছি পাহাড়ি শহর তাইজ অবরুদ্ধ করে ফেলে বিদ্রোহীরা।
বিজ্ঞাপন
গত মাসে পাল্টা অভিযানে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। কিন্তু এডেনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত সপ্তাহান্তে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় তারা। সামরিক বিশ্লেষকদের মতে, সৌদি সমর্থিত বাহিনীর জন্য এটি বড় ধরনের ধাক্কা।
এ পরিস্থিতিতে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের নিরাপত্তা জোরদার এবং পূর্বাঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নতুন অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এরই মধ্যে সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিয়েছে রিয়াদ। ইয়েমেন সরকারও সামরিক নেতৃত্বে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
•
বিজ্ঞাপন
সৌদি ভূখণ্ডেও বাড়ছে সংঘাতের প্রভাব
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর সৌদি আরব প্রথম দিকে বিষয়টিকে ইয়েমেনের অভ্যন্তরীণ সংকট হিসেবে তুলে ধরেছিল। দেশটির বক্তব্য ছিল, তারা কেবল ইয়েমেনের মিত্র বাহিনীকে সহযোগিতা করছে এবং সীমান্ত পেরিয়ে আসা হামলা প্রতিহত করছে; সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না।
তবে সৌদি শহরগুলোতে হুথিদের ধারাবাহিক হামলার কারণে সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে বিদ্রোহীদের হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর রিয়াদ কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া রাজধানীর বিমানবন্দরেও ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রভাবে অক্টোবর থেকে বিমানবন্দরটির অধিকাংশ ফ্লাইট বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে সৌদি আরবের আন্তর্জাতিক আয়োজন ও ক্রীড়া সূচিতেও। দেশটির গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) বাতিল অথবা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতাও পিছিয়ে একই বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
গত মাস থেকে সম্ভাব্য হামলার বিষয়ে নাগরিকদের নিয়মিত সতর্ক করছে সৌদি কর্তৃপক্ষ। হামলার ঘটনার পর আগের তুলনায় বিস্তারিত তথ্যও প্রকাশ করা হচ্ছে। এর আগে এ ধরনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির আনুষ্ঠানিক বক্তব্য ছিল অনেকটাই সীমিত।
যুদ্ধের প্রভাব এখন ধর্মীয় পরিসরেও স্পষ্ট হয়ে উঠেছে। গত শুক্রবার রিয়াদের একটি বড় মসজিদে জুমার খুতবার উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাত। এ সময় ইমাম যোদ্ধাদের বিজয় কিংবা শাহাদাতের প্রত্যাশা করেন এবং সৌদি আরবের দক্ষিণ সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের জন্য বিশেষ দোয়া করেন।
বিজ্ঞাপন
খুতবায় তিনি বলেন, ‘হে আল্লাহ, তাদের নিশানা সঠিক করে দাও, তাদের পদক্ষেপ দৃঢ় রাখো এবং যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে বিজয় দান করো।’








