ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের

বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দিয়ে চীনের শেনঝেন শহরে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় ৯০ মিনিটের বৈঠক শেষে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে একটি যৌথ শান্তি ঘোষণা প্রকাশ করেছেন তিন নেতা। খবর বিবিসির।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় তিন দেশের অভিন্ন অবস্থান তুলে ধরে বলা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এ ধরনের যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন তিন রাষ্ট্রপ্রধান। জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এখতিয়ার ও ক্ষমতার অপব্যবহার ঠেকানোর বিষয়টিও ঘোষণায় স্থান পেয়েছে।
বিজ্ঞাপন
বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের প্রথমবারের মতো একসঙ্গে আলোচনায় বসার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘সেই অর্থে এবং আরও নানাভাবে আমরা সত্যিই ইতিহাস গড়ছি।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিভিন্ন আঞ্চলিক সংকট মোকাবিলায় তিন দেশের স্বার্থের মধ্যে অভিন্নতা রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। ইরান ও ইউক্রেন সংঘাতের কারণে আন্তর্জাতিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট প্রভাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
বৈঠকের শুরুতেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তার মতে, বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা হ্রাসে কার্যকর ভূমিকা রাখার বড় সুযোগ রয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন নেতার স্বাক্ষরিত যৌথ ঘোষণায় একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ রয়েছে। এতে জাতিসংঘের সংস্কার, বিশ্ববাসীর কল্যাণে পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে নিজ নিজ এখতিয়ারের সীমা অতিক্রম না করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘোষণার শেষ অংশে পারমাণবিক যুদ্ধের বিষয়ে তিন দেশের সম্মিলিত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এ ধরনের যুদ্ধে কোনো পক্ষের বিজয় সম্ভব নয়। তাই পারমাণবিক সংঘাত শুরু করা থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি হ্রাস ও অস্ত্রের বিস্তার রোধে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশ তিনটি।
এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও পুতিনের মধ্যে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হয়। ২০২৫ সালের আগস্টের পর এই প্রথম সরাসরি মুখোমুখি হলেন দুই নেতা। বৈঠকের শুরুতে ৮০ বছর বয়সী ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে ৭৪ বছর বয়সী পুতিন ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে।’
এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একান্ত বৈঠকে বসেন ট্রাম্প। বিমানবন্দরে শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা নিয়ে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই নেতার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে।
বিজ্ঞাপন
এদিকে বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। পরদিন বৃহস্পতিবার চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে শেনঝেনে শি জিনপিংয়ের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়নি।
বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও অ্যাপেক সম্মেলনের আনুষ্ঠানিক ফটো সেশনে একসঙ্গে অংশ নেন ট্রাম্প, শি জিনপিং ও পুতিনসহ অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা। এ সময় সবার পরনে ছিল সম্মেলনের জন্য নির্ধারিত বিশেষ স্কার্ফ।








