রোহিঙ্গাদের ফেরাতে এবার মিয়ানমারকে আইসিজের চূড়ান্ত নির্দেশ

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।
বিজ্ঞাপন
রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন বিচারকেরা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া, পুনর্বাসন এবং যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, পুনরুদ্ধারমূলক পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে আইসিজেতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। তবে দুই বছরের সময়সীমাটি রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা নয়।
রায় পাঠকালে আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
বিচারকদের মতে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা কনভেনশনে নিষিদ্ধ একাধিক অপরাধ সংঘটিত করেছে। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। সহিংসতার ব্যাপকতা ও ধরন সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রতিফলন।
বিজ্ঞাপন
৯-৬ ভোটে দেওয়া রায়ের আরেকটি অংশে আদালত জানায়, মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধের দায়িত্বও পালন করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গণহত্যার অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে দেশটি।
আইসিজে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও বিচারের ব্যবস্থা করা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফেরার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
এ ছাড়া রোহিঙ্গাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত ও সামষ্টিক সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা সমপরিমাণ সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। সহিংসতায় শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে মিয়ানমারকে।
বিজ্ঞাপন
আদালতের এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আইসিজে, জাতিসংঘ।








