রোহিঙ্গাদের জন্মহার কমাতে চেয়েছিল মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পিতভাবে বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। সংখ্যালঘু এই জনগোষ্ঠীর বংশবিস্তার সীমিত করাই ছিল এসব নীতির অন্যতম উদ্দেশ্য। রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার সময় এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে বহুল আলোচিত এই মামলার রায় পাঠ করেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া। এ সময় রোহিঙ্গাদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ এবং সেগুলোর মাধ্যমে জনগোষ্ঠীটির জন্মহার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।
বিচারক ইওয়াসাওয়া জানান, মিয়ানমার সরকার একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল। এর আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর সদস্যদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমাবদ্ধ রাখা হয়েছিল।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব বিধিনিষেধ পুরোপুরি কার্যকর না হলেও জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে দেওয়াই যে নীতিগুলোর মূল লক্ষ্য ছিল, তা মিয়ানমার নিজেই স্বীকার করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদালতের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত হয়েছে যে, ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি জবরদস্তিমূলক পদক্ষেপ। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে ‘নিধন অভিযান’ চলাকালীন ওই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার হ্রাস করা।’’
রায়ে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে নেওয়া অন্যান্য নিপীড়নমূলক পদক্ষেপের সঙ্গে এসব বিধিনিষেধও জনগোষ্ঠীটির বংশবিস্তার বন্ধ করার রাষ্ট্রীয় উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।
এ ছাড়া মিয়ানমারের সামরিক অভিযানে যৌন সহিংসতাকে পরিকল্পিতভাবে ব্যবহারের বিষয়টিও তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গা নারীদের সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব সহিংসতা চালানো হয়েছিল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও তথাকথিত ‘নিধন অভিযান’ শুরু হলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্ত করে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি শরণার্থী বসবাস করছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি দায়ের করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর ২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন আইসিজে। ওই আদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে মিয়ানমারকে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর ১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক আদালতে মামলাটির রায় ঘোষণা করা হচ্ছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নিপীড়ন, জন্মহার নিয়ন্ত্রণের নীতি এবং যৌন সহিংসতার বিষয়গুলো মামলার বিচারিক মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে।
তথ্য সূত্র : এএফপি, বিবিসি








