Logo

জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

profile picture
মোঃ শফিকুল ইসলাম
১২ নভেম্বর, ২০২৬, ১৯:৪২
জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আজ তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এ সাইডলাইন বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি : পিএমও

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগকে প্রভাবিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমেও যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ ছাড়া বৈঠকে অভিবাসন, মানবিক সংকট মোকাবিলা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD