এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে যৌথ তদন্ত চলছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাcমদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ইতোমধ্যে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সংসদে ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের একটি টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লাগে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা তিনতলা একটি ভবনে বসবাস করেন। তবে অগ্নিকাণ্ডের শিকার টিনশেড বাড়িটিতে কেউ থাকতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল।
ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয়। নিকটবর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগুন লাগার সময় পেট্রোল বোমার মতো কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমন তথ্যও কেউ দেননি। দেয়াল বা ঘটনাস্থলেও পেট্রোল বোমা ব্যবহারের চিহ্ন মেলেনি।
তিনি আরও জানান, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাড়িটিতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুটি ছাগলও মারা গেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ সেটির ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে এবং তদন্তে তা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।








