Logo

জলবায়ু মোকাবিলায় ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের

profile picture
বশির হোসেন বাবু
১২ নভেম্বর, ২০২৬, ১৬:২৩
জলবায়ু মোকাবিলায় ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে একটি সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে এক ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশটি সম্মুখসারিতে রয়েছে।

তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের বৃহত্তর লক্ষ্য থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সবুজ শিল্পায়নে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারও এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। একই সঙ্গে উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তা করবে।

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এ ব্যবস্থায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর নতুন ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। কারণ অতিরিক্ত ঋণ তাদের আর্থিক বোঝা আরও বাড়িয়ে দেয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহায়তা নিশ্চিত করা জরুরি।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রথম প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দের কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর কথা বলেন তিনি।

তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের কথা বলেন তারেক রহমান। এ উদ্যোগের ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ওপর জোর দেন তিনি।

ভাষণের শেষ পর্যায়ে জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন দেখতে চায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD