Logo

জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

profile picture
মোঃ শফিকুল ইসলাম
১২ নভেম্বর, ২০২৬, ১৫:৫৫
জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব দেশের জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণ ত্রাণ, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও উদ্যোগ তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে রয়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এত সীমাবদ্ধতার মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা পরস্পরের পরিপূরক। তাই শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।

বিজ্ঞাপন

কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নিয়েছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের পথে এগিয়ে যেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার আওতায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের সম্প্রসারণের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা আহ্বান

বিজ্ঞাপন

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো বিশেষ ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব দেশে আধুনিক প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।

বিজ্ঞাপন

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

ভাষণের শেষ পর্যায়ে সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসা জরুরি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে হবে, আন্তর্জাতিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD