Logo

অনলাইন নিউজ পোর্টালের মান নিশ্চিতের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৩:৩৭
অনলাইন নিউজ পোর্টালের মান নিশ্চিতের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পাঠকের আগ্রহ ধরে রাখতে পোর্টালগুলোর প্রকাশিত সংবাদের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর মতে, সংবাদমাধ্যমের মান বজায় রাখা না গেলে পাঠক আকৃষ্ট করা এবং পাঠসংখ্যা বাড়ানো কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনলাইন সংবাদমাধ্যমের মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সেরকম সামর্থ্য সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়ন প্রক্রিয়া বাতিলের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি হিসেবে নির্ধারিত পাঁচ হাজার টাকা মূলত একটি প্রতীকী ফি। এটি নতুন কোনো ব্যবস্থা নয়, অতীতেও চালু ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।’

অনলাইন গণমাধ্যমের মালিকদের উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এতে প্রস্তাবগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে বলে মনে করেন তিনি।

অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করার পরিকল্পনার কথা জানান ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই এ উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা চূড়ান্ত করার আগে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বৈঠকে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা বেশ কয়েকটি প্রস্তাব ও দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়নের বাধ্যবাধকতা বাতিল, নিবন্ধিত সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এসব প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD