Logo

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৬:৪৫
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে: স্পিকার
ছবি: সংগৃহীত

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচনে অনিয়ম বা কারচুপি হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে জনগণ অনেক বেশি সচেতন হওয়ায় ভোট কারচুপির সুযোগও আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।”

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংসদীয় ককাস গঠনের পটভূমি, লক্ষ্য ও কার্যক্রমের পরিধি তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম। এ ছাড়া ককাসের সদস্য, অংশীজন, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। তার মতে, বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল। এর প্রতিবাদে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, বর্তমান সংসদ সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে।

বিজ্ঞাপন

অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোট গ্রহণের আগেই ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়াবহ অভিজ্ঞতা। বর্তমান সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশনকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। স্পিকারের মতে, নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের অপব্যবহার নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন। আর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সংসদে নারী প্রতিনিধিদের ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সংসদে নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগের তুলনায় তাদের অভিজ্ঞতা ও দক্ষতাও বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD