Logo

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৭:০৮
১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

বক্তব্যে জাতীয় সংসদের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, জাতীয় সংসদ হচ্ছে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই দীর্ঘদিনের। এ দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিভিন্ন সময়ে সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা আবারও শুরু হয়। স্পিকারের ভাষায়, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংসদের দায়িত্ব ও ভূমিকা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকদের অধিকার সুরক্ষায় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের ভিত্তি হচ্ছে আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশ। এসব চর্চার মধ্য দিয়েই সংসদের কার্যকারিতা ও গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করা সম্ভব।

এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের ইতিহাস। এই গৌরবময় অধ্যায় বাংলাদেশের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই আন্দোলন মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।

বক্তব্যের শেষাংশে মহান আল্লাহর কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যরা যেন নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD