শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে পাঠানো এই ই-মেইল পাওয়ার পর বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) ঢাকা পোস্টকে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
তিনি জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট কিংবা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের আইনজীবী প্রতিষ্ঠানটি ই-মেইল পাঠিয়ে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানিয়েছে।
তবে এই অনুরোধের সত্যতা সম্পর্কে হাইকমিশন নিশ্চিত নয় বলে জানান সাইদুর রহমান। তার ভাষ্য, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা যাচাই করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। এ কারণে অনুরোধটির যথার্থতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশন থেকে এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।








