Logo

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:০২
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।

বিজ্ঞাপন

একই সঙ্গে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণসংক্রান্ত নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। তাঁর দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো বিবেচনার সুযোগ নেই। তিনি ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে। তাঁকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী বা বিদেশি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করা হলেও শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে হুমায়ুন কবির দাবি করেন, ক্ষমতায় থাকাকালে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।

যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে ওই প্রতিষ্ঠানকে সরে যেতে হয়।

যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, অধিকাংশ সংসদ সদস্য এ বিষয়ে তাঁদের নৈতিক অবস্থান বজায় রেখেছেন।

বিজ্ঞাপন

এদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি দেখেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪-পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD