Logo

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৯
কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও চীনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরের সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ কিংবা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতায় পড়ে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।

তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব জানান, সংশ্লিষ্ট যোগাযোগটি কোনো দ্বিপক্ষীয় সরকারি সফরের অংশ ছিল না। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। সেখানে সাধারণ বিষয়গুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ক্ষতিপূরণ আদায় এবং উন্নত দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও উঠে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ উদ্যোগের পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD