Logo

আজ বিকেলে বসছে সংসদের অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৪
আজ বিকেলে বসছে সংসদের অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতেই উত্থাপন করা হবে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়েছিল জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। পরবর্তী সময়ে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশন আহ্বান করেন।

এবারের অধিবেশনে উত্থাপনের জন্য নির্ধারিত তিনটি অধ্যাদেশ হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম চূড়ান্ত করতে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

এদিকে এবারের অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের পক্ষ থেকে বিপুলসংখ্যক প্রশ্ন ও বিভিন্ন প্রস্তাব জমা পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জবাব পাওয়ার জন্য মোট ১৭৪টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে। অন্যান্য মন্ত্রীদের জন্য জমা পড়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫১টি।

এ ছাড়া সংসদে বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।

বিজ্ঞাপন

নতুন এই অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পাশাপাশি সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, বিভিন্ন নোটিশ ও প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে আইন প্রণয়ন ও সরকারের কার্যক্রম নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD