Logo

ঢাকাজুড়ে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুনে বাড়ছে আতঙ্ক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৫
ঢাকাজুড়ে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুনে বাড়ছে আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় এক রাতেই একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মালিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি ঘটে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়টি বিস্ফোরণ, আটক তিন

রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে প্রশাসনিক ভবনের পাশ ও উপাচার্য চত্বরেও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

ক্যান্টনমেন্ট রেলস্টেশনেও বিস্ফোরণ

বিজ্ঞাপন

রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

ভাটারায় স্কুলবাসে আগুন, নর্থ সাউথের সামনে বিস্ফোরণ

বিজ্ঞাপন

রাজধানীর ভাটারা এলাকায় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

একই এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরায় মোটরসাইকেলে এসে তিনটি ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

উত্তরা পূর্ব থানা এলাকায় রাত পৌনে ১২টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটালেও কেউ হতাহত হননি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে আসা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। এরপর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও বিস্ফোরণ

বিজ্ঞাপন

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মাটিকাটা, পান্থপথ ও খিলক্ষেতেও ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

রাজধানীর অন্যান্য এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ক্যান্টনমেন্টের মাটিকাটা, শেরেবাংলা নগরের পান্থপথ এবং খিলক্ষেত থানার আশপাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জাহান। তিনি জানান, রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ১৮ মিনিটের দিকে থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায়ও হতাহতের খবর পাওয়া যায়নি।

খিলক্ষেত থানার পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ২৫ মিনিটের দিকে থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে থানার কাছাকাছি এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। বিস্ফোরণের পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে চলে যান।

একের পর এক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা তদন্তের বিষয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD