ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও তিনটি বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। একের পর এক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
টিএসসি এলাকায় বিস্ফোরণের পর সন্দেহভাজন দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। এরই মধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।’
বিজ্ঞাপন
অন্যদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।








