অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশি হামলার তদন্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে পুলিশের হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি জানান। প্রথম দাবিতে তারা বলেন, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় দাবিতে কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অধ্যক্ষকে কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মধ্যরাতে পুলিশের অভিযানের সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পেটানো এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানির অভিযোগও করেছেন তারা। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতেই নতুন করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।








