Logo

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৩:১৫
জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, অভিযান ও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর বিষয়ে পুলিশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিকল্পিতভাবে নাশকতা চালানো এবং জনমনে আতঙ্ক ছড়ানোর বিষয়টি সামনে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েনও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে সৃষ্ট আতঙ্ক দূর করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।

ককটেল তৈরির উপকরণ কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং কোথায় এসব তৈরি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে পেট্রোল পাম্প কিংবা অন্য কোনো উৎস থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, সেটিও নজরদারির আওতায় রাখা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাহ্য পদার্থ সংগ্রহ থেকে শুরু করে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD