Logo

বারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, অনুষ্ঠিত র‍্যালি

profile picture
জেলা প্রতিনিধি
৮ নভেম্বর, ২০২৬, ১৬:৫০
বারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, অনুষ্ঠিত র‍্যালি
ছবি: প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। যথাযোগ্য মর্যাদায় আয়োজিত কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, র‍্যালি, মোনাজাত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করেন।

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় মহাপরিচালক বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মারক। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এ দিবসের তাৎপর্য অপরিসীম। দিবসটি জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে আজও অনুপ্রাণিত করে। তিনি দেশের খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে কৃষি গবেষণার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান এবং পরিচালক ড. মোহা. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এ ছাড়া ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বারির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জোহরের নামাজের পর বারির কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মন্দির ও গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD