Logo

এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ডের সামনে শ্রমিকদের বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:৩০
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ডের সামনে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টায় সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে সব সদস্য উপস্থিত রয়েছেন।

বৈঠক শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ বিষয়ে বোর্ডের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের পোশাকশ্রমিকদের মজুরির সঙ্গে তুলনামূলক পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের মজুরি কাঠামো বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। তাঁদের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।

বিজ্ঞাপন

তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন রাখার প্রস্তাব দিয়েছেন। তাঁদের যুক্তি, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিটের পরিমাণও কমে যায়। এতে দীর্ঘদিন কাজ করা শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

তারা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পোশাকশিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD