পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বেলা ১১টায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরেন।
সভায় উত্থাপিত প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি মজুরি কাঠামো আরও বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় আলোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন। সুপারিশ অনুমোদন পেলে নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা।
বিজ্ঞাপন
প্রথম সভায় উভয় পক্ষকে নিজ নিজ মজুরি প্রস্তাব তৈরি করে পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হয়। তবে নতুন করে মজুরি নির্ধারণের আগে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। এবার শ্রমিক প্রতিনিধির আনুষ্ঠানিক প্রস্তাবে সেই দাবির পরিমাণ বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে।








