Logo

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:৪৩
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলন শুরুর আগেই সরকার মজুরি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিয়েছিল। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি যৌক্তিক। সরকার তাদের আন্দোলন শুরুর আগেই এ বিষয়ে কাজ করছিল। তিনি বলেন, ‘যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, আমি এটা জানি। সরকার তাদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য কাজ করছিল।’

শ্রমিকদের আন্দোলন ও সরকারের উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকেরা তাদের দাবি জানিয়েছেন এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এ লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের প্রতি শ্রমিকদের আস্থা থাকায় আন্দোলনও বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির দেশে ফেরা এবং পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন নুরুল হক নূর। তাঁর দাবি, রাজনৈতিকভাবে পরাজিত এসব শক্তির দেশে ফিরে আসা কিংবা রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তবে জনগণ সরকারের পাশে থাকলে সব ধরনের অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নূর বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সরকারি দল, বিরোধী দলসহ দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন দেশের মানুষ। এ সময়ে অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। অনেকে দেশে থেকেও ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি করতে পারেননি।

গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো একটি রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না; বরং রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে এ আন্দোলন সংঘটিত হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD