Logo

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশপ্রেমের বার্তা আনসার-ভিডিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:৪৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশপ্রেমের বার্তা আনসার-ভিডিপির
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দরবার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দরবারে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে বাহিনীর উন্নয়ন, সদস্যকল্যাণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মহাপরিচালক বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সম্মিলিত আত্মজাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় থেকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত সংহতির প্রকাশ ঘটে।

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় এবং জাতীয় ঐক্যের চেতনা বিকশিত হয়েছিল। ঐতিহাসিক এই দিবসের অন্যতম শিক্ষা হলো, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জনগণের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নতুন করে জাগ্রত করেছে।

বিজ্ঞাপন

মহাপরিচালক আরও উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কাঠামো। এই দর্শনের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরাঞ্চল পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, বাহিনীর দায়িত্ব শুধু নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক রূপান্তরেও আনসার-ভিডিপি কাজ করে যাচ্ছে।

বাহিনীর উন্নয়ন ও সদস্যকল্যাণ প্রসঙ্গে মহাপরিচালক জানান, প্রশিক্ষণ, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাদারিত্বের ক্ষেত্রে বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে। দেশে ও বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

•

•

বিজ্ঞাপন

•

বিশেষ করে ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, আর্থিক স্বাবলম্বিতা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিকাশ ও কার্যক্রম এগিয়ে নিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহাপরিচালক। একই সঙ্গে বাহিনীর ভিত্তি সুসংহত করা ও অগ্রযাত্রায় অবদানের জন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় ধারণের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণকে সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য হিসেবে নিতে হবে। বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আত্মোৎসর্গ, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা অর্জন ও আর্থিক স্বাবলম্বিতার সমন্বয়েই একজন সদস্যের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে সদস্যদের জন্য সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এই দর্শনের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ব্যক্তি, পরিবার, বাহিনী ও রাষ্ট্র—সব পর্যায়েই ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহাপরিচালক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আনসার-ভিডিপিকে আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সদস্যদের শৃঙ্খলাবোধ, আনুগত্য, দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের চেতনায় দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD