Logo

গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১০ প্লাটুন আনসার মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৫:৫১
গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১০ প্লাটুন আনসার মোতায়েন
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিশেষ এই নিরাপত্তা কার্যক্রমের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

গত ৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে এ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন এলাকায় ছয় প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এসব সদস্য আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন থেকে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা এসব এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সদস্যদের কার্যক্রম পরিচালনা করছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্বে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা।

এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া সরাসরি নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করছেন।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট ও স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও কাজ করছেন।

বিজ্ঞাপন

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, নিরাপত্তা জোরদার হওয়ায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি নিশ্চিত হয়েছে। উৎপাদন কার্যক্রম সচল থাকার পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিতেও স্বস্তি ফিরেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD