এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে ঢাকা জেলা প্রশাসকের চিঠি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ঢাকার ৩০ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিশেষ চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি উচ্চশিক্ষায় সাফল্য, মানবিক মূল্যবোধ চর্চা এবং দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে চিঠিতে জেলা প্রশাসক লিখেছেন, ‘তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।’
এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য শিক্ষার্থীদের ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানান ফরিদা খানম। তিনি উল্লেখ করেন, এই সাফল্য কেবল শিক্ষার্থীদের মেধা ও নিরলস পরিশ্রমের ফল নয়; এর পেছনে রয়েছে বাবা-মা ও শিক্ষকদের নিরন্তর সহযোগিতা, আস্থা এবং ত্যাগ।
বিজ্ঞাপন
চিঠিতে তিনি বলেন, উচ্চমাধ্যমিকের ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা এখন সম্ভাবনাময় এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে এই অর্জনকে চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে জীবনের দীর্ঘ যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়জীবনে আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হয়ে ওঠার পরামর্শও দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সময়ের চাহিদার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে এমন মানুষ হওয়ার আহ্বান জানান তিনি, যারা ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।
ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম চিঠিতে লেখেন, ‘হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো- আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।’
বিজ্ঞাপন
চিঠির শেষাংশে শিক্ষার্থীদের অদম্য প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা জানান জেলা প্রশাসক। একই সঙ্গে জীবনের প্রতিটি সাফল্যের ধাপে তাদের বিজয় কামনা করেছে ঢাকা জেলা প্রশাসন।








