Logo

ব্যবসায়ীকে আটকে রেখে মিথ্যা মামলা, গ্রেফতার দাবি এমপি আরমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৫:৫৯
ব্যবসায়ীকে আটকে রেখে মিথ্যা মামলা, গ্রেফতার দাবি এমপি আরমানের
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা-১৪ আসনে মোহাম্মদ শামীম খান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রাখা এবং পরে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর রূপনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শামীম খানও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

সংসদ সদস্য আরমান বলেন, বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় মানুষের অন্যতম প্রত্যাশা ছিল, বাংলাদেশের মাটিতে আর কখনো গুমের ঘটনা ঘটবে না। কিন্তু নতুন গণতান্ত্রিক যাত্রার শুরুতেই ঢাকা-১৪ আসনে দ্বিতীয় গুমের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে দীর্ঘদিন আটকে রাখা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

বিজ্ঞাপন

ব্যাংকের সামনে থেকে তুলে নেওয়ার অভিযোগ

শামীম খান জানান, গত ২৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে একদল ব্যক্তি তাকে এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে চোখ বেঁধে অন্য একটি স্থানে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার অভিযোগ, আটকের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিসি রাকিব তাকে আটক করার নির্দেশ দিয়েছেন। পলাশ তার ফোর্স দিয়ে তাকে সেখানে নিয়ে এসেছেন বলেও জানানো হয়। এ সময় তাকে বলা হয়, তার শত্রুরা অত্যন্ত শক্তিশালী ও ভয়ংকর এবং তার জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি রয়েছে।

শামীম বলেন, আটকে থাকার সময় তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। খাবারের জন্য টাকা দিলে তাকে খাবার এনে দেওয়া হতো। একপর্যায়ে এক কর্মকর্তার কাছে নিজের পরিচয় তুলে ধরে তিনি জানান, তিনি একজন ব্যবসায়ী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং দেশ-বিদেশে তাবলিগের কাজে যাতায়াত করেন। তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর ভাষ্য, তাকে ভুল করে ধরে আনা হয়েছে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, তারা কোনো ভুল করেননি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং এনএসআইয়ের মাধ্যমে যাচাই করেই তাকে আটক করা হয়েছে।

প্রাণনাশের হুমকি ও ব্যবসা নিয়ে জিজ্ঞাসাবাদ

শামীমের অভিযোগ, আটকে রাখার সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি একটি পা কেটে দেওয়া এবং অস্ত্র মামলায় ফাঁসানোর কথাও বলা হয়। নিজের তিন সন্তানের কথা উল্লেখ করে তিনি কেন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তা জানতে চান। জবাবে তাকে বলা হয়, সবকিছুই ওপরের নির্দেশে করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার ব্যবসার পেছনে কার প্রভাব রয়েছে, কে তাকে সহযোগিতা করেন এবং কীভাবে তিনি এত টাকা উপার্জন করেন—এসব বিষয়ে বারবার প্রশ্ন করা হতো। নিজের পরিশ্রম ও নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার কথা বললেও একই ধরনের জিজ্ঞাসাবাদ চলতে থাকে।

শামীমের অভিযোগ, ডিবির ফজলে খোদা পলাশ তার সঙ্গে কথা বলার সময় মিরপুরের কয়েকজনের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান। এ সময় তুলি, মিষ্টি, পাভেল ও সাইফুলের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ব্যবসায়িক প্রয়োজনে মিরাজের কাছে যাওয়ার বিষয়েও তাকে প্রশ্ন করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে বলা হয়েছিল, বাইরে থাকলে তার জীবনের ঝুঁকি রয়েছে, আর ভেতরে থাকলে তিনি নিরাপদ। এবারের মতো বেঁচে গেলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়। ব্যবসা বন্ধ করলে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, এমন প্রশ্নের জবাবে তাকে বলা হয়, বেঁচে থাকলে ব্যবসা করতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শামীম আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পায়ে ব্যান্ডেজ করা হয়। তার দাবি, পুরো ঘটনাটি সাজানো ছিল। ব্যান্ডেজ করা অবস্থার ছবি তুলে কোথাও পাঠানো হয় এবং পরে তাকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়।

বিজ্ঞাপন

ব্যবসায়িক বিরোধে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের অভিযোগ

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আরমান বলেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে বলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী সময়ে যে ধরনের ঘটনা ঘটত, গণতান্ত্রিক সময়েও যদি একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিপ্লবের তাৎপর্য কী? ব্যবসায়িক বিরোধের জেরে একজন মানুষকে গুম করা হলে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে কতটা বের হতে পেরেছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আরমান আরও বলেন, ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে মানুষ এমন পরিস্থিতি দেখতে চায়নি।

বিজ্ঞাপন

মিরপুরের পাভেল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাড্ডার ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি। বরং গত ৭ নভেম্বর তাকে বিএনপির একটি মিছিলে দেখা গেছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।

এ ঘটনায় যাদের নাম এসেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান আরমান। পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে শামীম খানের স্ত্রী, ডা. মঈন উদ্দীন, মনিরুল ইসলাম মৃধা, জিএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, তাজিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD