ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতির বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, গবেষণা, সার্বিক অগ্রগতি এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।








