পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী গ্রাম পুলিশ

নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি অনুমোদন করেছে সরকার। এ সময়ে তারা নিয়মিত মাসিক বেতন-ভাতার সম্পূর্ণ অর্থ পাবেন। ছুটিকালীন বেতনের সরকারি অংশের পাশাপাশি ইউনিয়ন পরিষদের অংশও যথাসময়ে পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মরত নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটির সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন জনসেবামূলক কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের কল্যাণের পাশাপাশি গর্ভকালীন ও সন্তান জন্মের পর মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
এরই অংশ হিসেবে গত ৭ নভেম্বর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য সরকারি কর্মচারীর মতো নারী গ্রাম পুলিশ সদস্যদেরও পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাকে পূর্ণ বেতন-ভাতাসহ ছয় মাসের ছুটি মঞ্জুর করতে হবে।
একই সঙ্গে ছুটিতে থাকার পুরো সময় সংশ্লিষ্ট সদস্যের নির্ধারিত মাসিক বেতন-ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে। পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছে।








