কোনো ডিসেম্বরেই আপার ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত

আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে ফিরতে চাইলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘কোনো ডিসেম্বরেই আপার এই দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে ইনশাআল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। শিক্ষার্থীদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। শুধু নোয়াখালীকে বিভাগ করার দাবিতে সীমাবদ্ধ না থেকে পুরো দেশ ও বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত দায়িত্ব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে কী ধরনের চিন্তাভাবনা ও পরিবর্তন ঘটছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারণা রাখতে হবে। বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতা করার মতো দক্ষতা অর্জন করতে হবে। কর্মসংস্থানের চিন্তা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তৈরির প্রস্তুতি নিতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ৭ নভেম্বরকে তারা বিপ্লব হিসেবে বিবেচনা করেন। একইভাবে জুলাই গণ-অভ্যুত্থানও একটি বিপ্লব। তবে বর্তমান সরকার নিজেদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনাকে বিপ্লব হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে, যেখানে তাদের নেতৃত্ব ছিল না কিংবা যা তাদের রাজনৈতিক অবস্থানের পক্ষে যায় না, সেগুলোকে আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে অভিহিত করে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ৭ নভেম্বরকে বিপ্লব হিসেবে স্বীকার করলে জুলাইয়ের ঘটনাকেও বিপ্লব হিসেবে বিবেচনা করা উচিত কি না।
বিজ্ঞাপন
আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ওই মাসে একজনের দেশে ফেরার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রস্তুত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের মতো এবারও প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে কি না, সে বিষয়েও শিক্ষার্থীদের ভাবতে বলেন। তার মতে, এবার প্রতিরোধ আগের চেয়ে আরও জোরালো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিচার না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আগেরবার তারা অনেক উদারতা দেখিয়েছিলেন এবং ক্ষমা করার মানসিকতা রেখেছিলেন। ওসমান হাদীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শত্রুর প্রতিও আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব।’ কিন্তু গত দুই বছরে তারা কোনো বিচার পাননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাইয়ের শহীদদের হত্যার বিচার এখনো পাওয়া যায়নি। জনগণ যখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার পথে এগিয়ে যায়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।








