Logo

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান কারাগারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৮:০১
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান কারাগারে
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কোনো রিমান্ড আবেদন করেনি।

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। একই সময়ে টেলিভিশনটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি নিউজের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির পর ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে ঠিক কী কারণে সেখানে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে বুধবার রাতে যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ। তার চোখে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩৩ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে ৫৩ নম্বর আসামি হিসেবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD