Logo

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৫:৩৭
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী | ফাইল ছবি

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। একটি সূত্রের দাবি, চলমান শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। তবে একই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন তিনি। ওই সময় তার সঙ্গে আওয়ামী লীগপন্থী আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

জানাজা শেষে জামায়াত নেতাদের সঙ্গে একই টেবিলে তাদের বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD