শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: ডা. জাহেদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা যাকে চাই, তিনি আসলেন, আপনি হ্যাপি? আমাদের তাহলে ধরে বেঁধে আনতে হলো না। উনি আসলেন, উনি আসলেন, উনি বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার তাই হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বারবার আলোচনা চলতে থাকলে বিষয়টি ঘিরে দীর্ঘমেয়াদি জল্পনা তৈরি হবে। ডিসেম্বর কিংবা পরবর্তী বছরের জুনের মতো নির্দিষ্ট সময়ের কথা বলা হলেও নির্ধারিত সময়ে তিনি ফিরতে না পারলে আবার নতুন সময় নিয়ে আলোচনা শুরু হবে। এ কারণে বিষয়টি নিয়ে বারবার সময়সীমা নির্ধারণের পরিবর্তে আইনগত প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি ইঙ্গিত দেন।
শেখ হাসিনার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য
বিজ্ঞাপন
শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালনার বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, দেশে ফেরার পর তাকে কোনো মবের মুখোমুখি হতে দেওয়া হবে না কিংবা বেআইনি পরিস্থিতির শিকার হতে হবে না। তার বিরুদ্ধে প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচারের মাধ্যমেই আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে।
এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পরবর্তী সময়ে পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন। তার দলের সংসদে ৩৫টি আসন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার ক্ষেত্রেও আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে নিজের বক্তব্যে পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা।
বিজ্ঞাপন
সিপিবির কার্যালয়ে হামলা ও অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা
সিপিবির কার্যালয়ে হামলাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। অনেক অপরাধ আগেভাগেই প্রতিরোধ করা হয়, যেসব ঘটনা সাধারণ মানুষের সামনে আসে না।
তিনি বলেন, “ধরুন, পুলিশেরই একটা প্রিম্পটিভলি অপরাধ বোঝার মতো একটা সংস্থা আছে। এর সাহায্যে, এর রিপোর্টের ভিত্তিতে প্রচুর অপরাধ আসলে ঠেকানো হয়, আমরা হয়তো দেখেও পাই না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
দেশের অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এই সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনার পর সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা নেই
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে সফরের সময়সূচি নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করার পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, মাননীয় প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এরকম কোনো রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিশিয়ালি হয় নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।’
বিজ্ঞাপন
উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা নেই। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, তার নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়ার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।








