Logo

আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে: শেখ হাসিনাকে দুলু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৫:৫৬
আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে: শেখ হাসিনাকে দুলু
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাঁকে উদ্দেশ করে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।’

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটির প্রতিপাদ্য ছিল ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’।

বক্তব্যে দুলু বলেন, প্রায় ২০ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। এ কারণে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকার যাতে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে অংশ নেওয়া বিরোধী দলগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন জাতীয় সংসদের এই হুইপ।

বিজ্ঞাপন

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা অনুপস্থিত ছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, রক্তপাত এবং দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলে মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক সরকারের সমালোচনা করে দুলু বলেন, বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং ইমামসহ ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভাতার আওতায় আনার পরিকল্পনা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, অর্জিত গণতন্ত্র যেন আবারও হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাশাপাশি দেশের অর্থনীতি পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমিজ উদ্দিন কাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফা কামাল মজুমদার ও সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD