Logo

জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৯:৪৮
জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নাই
রাশেদ খান | ফাইল ছবি

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির কাছ থেকে রাজনৈতিক সুবিধা বা আসন ভাগাভাগি চাইলেও তা পাওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, বিএনপি আসন ভাগাভাগির রাজনীতি নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেছিলেন। একইভাবে মাহফুজ আলমও বিএনপির প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে দাবি করেন তিনি। এ উদ্দেশ্যে তাঁরা তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে উল্লেখ করেন রাশেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা দলটি চায়নি। আসিফ মাহমুদ বিএনপির কাছ থেকে আগ্রহ না পেয়ে এনসিপিতে যোগ দেন বলেও দাবি করেন তিনি। তবে বিএনপিতে সুযোগ না পেয়ে মাহফুজ আলম নিজের নৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে মন্তব্য করে তাঁর প্রশংসা করেন রাশেদ খাঁন।

এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, গণঅভ্যুত্থানে ভূমিকার কারণে নাহিদ ইসলামের পর আসিফ মাহমুদের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার কথা থাকলেও অতীতের বিতর্ক এবং দলটিতে যোগ দেওয়ার বিষয়ে তাঁর দোদুল্যমান অবস্থানের কারণে তিনি সেখানে কোণঠাসা হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

আসন সমঝোতা নিয়ে রাশেদ খাঁন দাবি করেন, এনসিপির শীর্ষ নেতারা বেশি আসন পাওয়ার আশায় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। তাঁর অভিযোগ, বেশি আসন ও নির্বাচনি খরচের প্রত্যাশায় এনসিপি জামায়াতের জোটে গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরুর বিষয়েও মন্তব্য করেন রাশেদ। তাঁর দাবি, বিএনপিকে চাপে রেখে রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়ে থাকতে পারে। তিনি কর্মসূচিটিকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করলেও এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ নিশ্চিত করতে পারবে না।

রাশেদ খাঁনের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সালাহউদ্দিন আহমদ বর্তমান অবস্থানে পৌঁছেছেন। জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের সঙ্গে তাঁর তুলনা টেনে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বিএনপিকে চাপে ফেলে সুবিধা আদায়ের চেষ্টা করা হলেও তা সফল হবে না।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আবারও উল্লেখ করেন, তারা মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিএনপিকে চাপে রাখতে পারলে বিরিয়ানি আদায় করা যাবে! কিন্তু বিএনপি বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনৈতিক করে না। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে। সুতরাং বিএনপির কাছ থেকে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নাই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD