শেখ হাসিনার তিন সংসদকে অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার

শেখ হাসিনার আমলে গঠিত তিনটি সংসদকে বিএনপি সরকার এখনো অবৈধ ঘোষণা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সফল করতে মিরপুরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ৭০ শতাংশের রায়ের প্রতি অবমাননা করেছে। বিএনপি ও এনসিপি—দুই দলই শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ মনে করলেও বিএনপি সরকার আইনগতভাবে সেগুলোকে অবৈধ ঘোষণা করেনি বলে মন্তব্য করেন তিনি। নাহিদের মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে পুরোনো সংসদ ও সাংবিধানিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ এখনো রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও বলেন, পুরোনো সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে কেবল সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন করা হলে ভবিষ্যতে সেই সংশোধনী বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়কে অবৈধ ঘোষণার পরিস্থিতি তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে তিনি পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়টি তুলে ধরে বলেন, অতীতে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ভবিষ্যতে তারেক রহমানের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হবে না—এ নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেন তিনি। এ কারণে তারেক রহমানের স্বার্থেও সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে মত দেন নাহিদ।
বিজ্ঞাপন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতি সমতল থেকে পাহাড়েও ছড়িয়ে পড়েছে। পাহাড়ে অস্থিতিশীলতার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন। তার অভিযোগ, পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে অবহিত করতে হবে, কারণ এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত।
ভারতের সঙ্গে সরকারের গোপন আঁতাতের অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, এ ধরনের আঁতাতের কারণেই পাহাড়কে বিভিন্নভাবে অশান্ত করার চেষ্টা চলছে।
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।








