Logo

ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৩:৩৫
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় তাঁর মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলীতে ট্রাক রেখে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার আসামিদের মধ্যে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন। অপর ১০ জন জামিনে আছেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলার নথি অনুযায়ী, পলাতক আসামিদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে সেদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাঁদের হাজির করতে পারেনি। পরে আদালত শুনানির জন্য ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD