Logo

স্বৈরাচারের পতনে সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৬:২৩
স্বৈরাচারের পতনে সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী
ছবি: সংগৃহীত

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁদের সাহস, নীতিবোধ ও দৃঢ় অবস্থান স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছিল।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

এরশাদবিরোধী আন্দোলনের সময় সংবাদমাধ্যমের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তৎকালীন শাসনামলে দেশের প্রকৃত পরিস্থিতি জানতে মানুষ বিবিসি ও ভয়েস অব আমেরিকার সংবাদ শুনতেন। ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের পরিবেশিত সংবাদ সাধারণ মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। তাঁদের মাধ্যমে মানুষ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রামের খবর জানতে পারতেন।

রিজভী বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের নানা ধরনের চাপ, গ্রেপ্তার ও হয়রানির মুখে পড়তে হতো। এসব প্রতিকূলতার মধ্যেও গিয়াস কামাল চৌধুরী সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন। নিরাপত্তার কারণে কখনো কখনো তাঁকে সংবাদ পাঠানোর স্থানও গোপন রাখতে হতো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁর মতে, পেশাগত দায়িত্ব পালনে এমন নিষ্ঠা ও সাহসিকতাই গিয়াস কামাল চৌধুরীকে মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল।

সেই সময়ের সাংবাদিকদের নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করে রিজভী আরও বলেন, অনেক সাংবাদিক নানা প্রলোভন ও চাপের মুখেও নিজেদের আদর্শ থেকে সরে যাননি। সত্যনিষ্ঠ সাংবাদিকতার যে দৃষ্টান্ত তাঁরা রেখে গেছেন, তা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুসরণীয়।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়াস কামালের বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি তাঁর আন্তরিক ও স্নেহশীল আচরণ রিজভীকে মুগ্ধ করত।

বিজ্ঞাপন

তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী। আলোচনা সভার শেষ পর্যায়ে গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD