হাসিনা-কামালসহ আটজনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে অভিযান চালিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ সময়ের আবেদন করেন। প্রসিকিউশন এতে আপত্তি না জানানোয় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের নতুন করে সময় চাওয়ায় শুনানি পিছিয়ে যায়। ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, অলি মিয়া, মামুনুর রশিদ ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মামলায় দুই আসামি কারাগারে
এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।
বিজ্ঞাপন
ট্রাইব্যুনাল পরিবর্তনের পর নতুন করে শুনানি
মামলাটি প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত ২১ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার ঘটনাস্থল ও অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি আখ্যা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের একাধিক সদস্য তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তাঁদের সাক্ষী হিসেবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানায় প্রসিকিউশন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সেদিন আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের শুনানি চলার মধ্যেই মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি নতুন করে হওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
যে ঘটনায় মামলাটি
বিজ্ঞাপন
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনাটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ ছিল বলে মামলায় অভিযোগ করেছে প্রসিকিউশন। তবে এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও পরবর্তী বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটির অগ্রগতি নির্ধারিত হবে।








