যৌন হয়রানির মিথ্যা মামলা, বাদীকে কারাদণ্ড দিলেন আদালত

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে করা মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিন কারাভোগ করতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন শাহীনা বেগম। এতে আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এজাহারে শাহীনা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আসামিরা তাঁকে উত্ত্যক্ত করতেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির মাত্রা বেড়ে যায়। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাঁকে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
প্রায় দুই বছর ধরে বিচারিক কার্যক্রম চলার পর আদালত দুই আসামিকে খালাস দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন এবং বাদীকে মিথ্যা মামলা দায়েরের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিন কারাগারে থাকতে হবে।








