Logo

৭ নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রার দিন: চসিক প্রশাসক

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ নভেম্বর, ২০২৬, ১৪:৪৬
৭ নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রার দিন: চসিক প্রশাসক
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করা, স্বাধীনতার চেতনা জাগ্রত রাখা এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব অপরিসীম। ৭ নভেম্বরের বিপ্লব আমাদের অনুপ্রেরণা। এদিন পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চসিকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ভিনদেশি আধিপত্য মোকাবিলায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করা প্রয়োজন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে সিপাহি-জনতা ৭ নভেম্বর তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছিল।

চসিক প্রশাসকের দাবি, ৭ নভেম্বরের বিপ্লব দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে এ দিনের চেতনা কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় সম্ভাব্য কোর্ট মার্শালের ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও দেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে সাহসী ভূমিকা নিতে পিছপা হননি। তাঁর নেতৃত্বে দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যায় এবং জনগণের ক্ষমতায়নের সূচনা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তির ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে নিজেদের অঙ্গীকারের কথা জানিয়ে চসিক প্রশাসক বলেন, আজকের দিনে আমাদের শপথ হোক, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আদর্শ ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা।

এ ছাড়া অনুষ্ঠানে চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন লিপুসহ চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, শাখাপ্রধান এবং বিএনপি ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD